রামগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারকে পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিটি পরিবারের হাতে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক তুলে দেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা করা সরকারের দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন এবং পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






























