খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি


খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি

খাগড়াছড়ি পার্বত্য জেলার নয় উপজেলার ৭৭৮ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দল-মতের বিবেচনা না করে মানুষের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে। তিনি বলেন, নিজেকে গড়ে তুলতে প্রত্যেককে নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার কাজ করছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নয়নের সুফল আগে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও যোগাযোগসহ প্রয়োজনীয় ক্ষেত্রগুলোতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, পাহাড়ের শিক্ষার্থী ও তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ তৈরি করা এবং নারীদের আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করা উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মোরতোজা আলী খান।

বৃত্তি বিতরণে খাগড়াছড়ি সদর উপজেলায় কলেজ পর্যায়ে ২০৪ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৯৭ জন, দীঘিনালায় যথাক্রমে ৮৭ ও ৪৩ জন, লক্ষ্মীছড়িতে ১৪ ও ১৪ জন, মহালছড়িতে ৩২ ও ১৮ জন, মাটিরাঙ্গায় ৪২ ও ৩৫ জন, গুইমারায় ২০ ও ১৭ জন, পানছড়িতে ৭৫ ও ৩০ জন, মানিকছড়িতে ৫ ও ১৫ জন এবং রামগড়ে ১৪ ও ১৬ জন শিক্ষার্থী সহায়তা পান। সব মিলিয়ে কলেজ পর্যায়ে ৪৯৩ জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৮৫ জনসহ মোট ৭৭৮ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির সহায়তা তুলে দেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নির্বাচিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল ও অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়ার কার্যক্রম পরিচালনা করে থাকে।

Ads