জুলাই আহতদের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উপহার বিতরণ
০৩ জুন ২০২৫, ০৪:১০ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানে আহত সংগ্রামীদের মাঝে উপহার হিসেবে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (৩ মে) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস জিরুনা ত্রিপুরা। আরও উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, পরিষদের সদস্যবৃন্দ, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য মাহবুবুর আলম। আলোচনায় অংশগ্রহণ করে খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান জেলা পরিষদের দেরিতে হলেও এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও আহতদের পাশে থাকার আহ্বান জানান।
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। খাগড়াছড়ি থেকে যে একজন নিহত হয়েছেন, তাঁর পরিবারকে পূর্বে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে তাদের জন্য একটি বসতঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমি এই পরিষদে নবাগত। শিক্ষকতা পেশা থেকে এসেছি। ছাত্রছাত্রীদের সবসময় নিজের সন্তানের মতো বিবেচনা করতাম এবং পাঠদান করতাম মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে। আজও আমি সেই মমত্ববোধ নিয়ে আপনাদের পাশে আছি। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নয়, একজন বোন হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমার দরজা সবার জন্য খোলা থাকবে।”
তিনি সকলকে নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক মনোভাব নিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তিনি জানান, কারিগরি দক্ষতা বা উদ্যোগ গ্রহণে আগ্রহীদের জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
আলোচনার শেষ পর্যায়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

































