দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তাদের বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা-৬ আসন’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিবাদের দোসররা প্রতিনিয়ত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’
তিনি বলেন, গত ১৭ বছরে যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। তাঁর ভাষ্য, যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করেছে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সিস্টেমেটিক্যালিভাবে দুর্বল করেছে, তারা দেশের ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায় তৈরি করেছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তাদের সহযোগীরা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশের প্রতি তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে তাদের বিচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আপিলের সুযোগ চাওয়া হলে সেই সুযোগ দেওয়া হবে এবং দেশে ফিরে ন্যায়বিচারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।






























