বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে ‘বিশেষ প্রশিক্ষণ’ দিবে ভারত
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ এএম
ভারত সরকারের আইটেক (ITEC) স্কিমের আওতায় বাংলাদেশি সাংবাদিকদের জন্য সাংবাদিকতা ও কৌশলগত যোগাযোগের ওপর এক বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ভারত সরকারের অর্থায়নে আয়োজিত এই আন্তর্জাতিক সক্ষমতা-বৃদ্ধি কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় খরচ সম্পূর্ণ বহন করবে ভারত সরকার।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (MCR HRD Institute) ৭ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।
‘সাংবাদিকতা ও জনসংযোগ (Journalism and Public Relations)’ শীর্ষক এই বিশেষ কোর্সটি মূলত অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের জন্য ডিজাইন করা হয়েছে। প্রশিক্ষণে আধুনিক গণমাধ্যমের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপন, কৌশলগত যোগাযোগ, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভূমিকা ও প্রযুক্তির ব্যবহারিক দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষামূলক প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের বিশ্বখ্যাত প্রযুক্তি হাব ‘হায়দ্রাবাদ হাইটেক সিটি’ পরিদর্শন, উদীয়মান স্টার্ট-আপ ও সফল উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় ঐতিহাসিক দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ থাকছে। কোর্স সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের ভারত সরকারের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে।
সংবাদমাধ্যমের সংশ্লিষ্ট বিটে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিকরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (NOC) জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত গুগল ফর্ম লিংক- https://forms.gle/xpXKqUhyM1CEeoQ78 এর মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

































