অপতথ্য ঠেকাতে মিডিয়া লিটারেসি বাড়াতে হবে: তথ্য উপদেষ্টা

অয়ন আহমেদ

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম


অপতথ্য ঠেকাতে মিডিয়া লিটারেসি বাড়াতে হবে: তথ্য উপদেষ্টা

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি এবং প্রয়োজন অনুযায়ী এতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী এবং বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের (বিজেসি) পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করবে। পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানো জরুরি।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, আইনটি নিয়ে আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত বিবেচনায় নিয়ে আইনটিকে আরও কার্যকর করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে অনলাইনভিত্তিক সাংবাদিকতা ও মনিটাইজেশনের নতুন নতুন ধরন তৈরি হচ্ছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এসব বিষয়কে নীতিমালার কাঠামোর আওতায় আনার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতার ধরন ও অর্থায়নের পদ্ধতিতে পরিবর্তন এসেছে। তাই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে একই আইনি কাঠামো প্রয়োগের ওপর গুরুত্ব দেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, কেউ গুজব, মিথ্যাচার বা অপতথ্য ছড়ালে আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়া উচিত।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বিজেসির পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়।

Ads