রামগড়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রতন বৈষ্ণব ত্রিপুরা

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম


রামগড়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রব রাজা, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ।

সভায় রামগড়ের দলীয় সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।

সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও রামগড়ের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Ads