রামগড়ে পরিত্যক্ত আবাসিক স্কুলসহ অসমাপ্ত প্রকল্প পরিদর্শন ওয়াদুদ ভূঁইয়ার

রতন বৈষ্ণব ত্রিপুরা

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম


রামগড়ে পরিত্যক্ত আবাসিক স্কুলসহ অসমাপ্ত প্রকল্প পরিদর্শন ওয়াদুদ ভূঁইয়ার

খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া রামগড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অসমাপ্ত স্থাপনা পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রামগড় সফরের অংশ হিসেবে তিনি উপজেলার সদর ইউনিয়নের নূরপুর এলাকায়, তৈচালা পাড়া সংলগ্ন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত অনাথ ও এতিম বালক-বালিকাদের আবাসিক স্কুলের পরিত্যক্ত ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি ভবনটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রকল্পটির বিষয়ে খোঁজখবর নেন।

পরে ওয়াদুদ ভূঁইয়া রামগড় কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন অসমাপ্ত টাউন হল ভবন ও রামগড় লেক পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বর্তমান অবস্থা সম্পর্কেও তিনি অবগত হন।

পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপম কুমার চাকমা, এনডিসি, পিএসসি, ভাইস চেয়ারম্যান শেখ ছালে আহম্মেদ, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads