সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে টাকা দাবি, আটক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে এক লাখ টাকা দাবি করার অভিযোগে মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক রেজাউল করিম কুমিল্লার চান্দিনা উপজেলার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তাঁর বর্তমান ঠিকানা ঢাকার মিরপুরে।
ইউএনও কাজী শামীম জানান, ঘটনার দুই দিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি ফোন করে জানান, তিনি রামগড়ে অবস্থান করছেন। পরে তাঁকে ইউএনও কার্যালয়ে আসতে বলা হয়।
কার্যালয়ে আসার পর ওই ব্যক্তি ইউএনওর বদলির বিষয় নিয়ে কথা বলেন এবং তাঁকে সুবিধাজনক স্থানে বদলি বা পদায়নের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন বলে অভিযোগ। একপর্যায়ে তিনি এক লাখ টাকা চান। বিষয়টি সন্দেহজনক মনে হলে ইউএনও পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, রেজাউল করিম রামগড়ে অবস্থানকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচয় ব্যবহার করে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি যাচাই করে রামগড় থানার ওসি মো. নাজির আলম ওই ব্যক্তিকে চেনেন না বলে জানান।
রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, প্রতারণার অভিযোগে রেজাউল করিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইউএনও কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
































