নিখোঁজের একদিন পর নদীতে ভেসে যাওয়া তড়িৎ চাকমার মরদেহ উদ্ধার
০১ জুন ২০২৫, ১২:৪৫ পিএম
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীতে ভেসে যাওয়া তড়িৎ চাকমার (৫৫) মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৩১ মে) সকাল ৮টার দিকে নদীর বাবুছড়ার নোয়াপাড়া সংলগ্ন এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, উদ্ধারকৃত মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার বাবুছড়া অংশে মাইনী নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যান তড়িৎ চাকমা। ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধারের চেষ্টা চালান। পরবর্তীতে রাঙামাটি ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল এসে শনিবার সকালে মরদেহ উদ্ধার করে।
তড়িৎ চাকমা দীঘিনালার কেতুচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা ও মৃত নন্দ লাল চাকমার ছেলে।



































