তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম


তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের গহনার দাম। টানা তৃতীয় দফায় দাম কমানোর পর সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

এর আগে ৬ ও ৯ সেপ্টেম্বর দুই দফায় দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানো হয়েছিল। এবার তৃতীয় দফায়ও দাম কমানোর সিদ্ধান্ত এলো।

Ads