কওমী মাদ্রাসায় অনন্য দৃষ্টান্ত

আধুনিক শিক্ষায় তুষারধারার জামিয়া কাশিফুল উলূম ঢাকা

নয়ন তারা

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ এএম


আধুনিক শিক্ষায় তুষারধারার জামিয়া কাশিফুল উলূম ঢাকা

 

দেশের কওমী মাদ্রাসা শিক্ষা নিয়ে দীর্ঘদিনের নানা আলোচনা ও বিতর্ক থাকলেও, এর বাইরে গড়ে ওঠা এক ভিন্ন ও যুগোপযোগী বাস্তবতা অনেকের কাছেই অজানা। প্রথাগত ধারার বাইরে গিয়ে দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে নতুন সম্ভাবনা তৈরি করছে রাজধানীর তুষারধারায় অবস্থিত জামিয়া কাশিফুল উলূম ঢাকা।

প্রতিষ্ঠানটিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমান্তরালভাবে পরিচালনা করা হচ্ছে স্কুল শাখা। ফলে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন এবং বিজ্ঞান বিভাগের মতো চ্যালেঞ্জিং বিষয়েও সাফল্য দেখাচ্ছেন। পাশাপাশি যুগের চাহিদা বিবেচনায় কম্পিউটার শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, এবং আরবি ও ইংরেজি ভাষায় সাবলীল কথোপকথনের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এখানে পাঠরত শিক্ষার্থীদের লক্ষ্য শুধু আলেম বা হাফেজ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে চিকিৎসক, প্রকৌশলী ও বিসিএস ক্যাডার হওয়ার পথ সুগম করছেন। এই ধারার বাস্তব সাফল্য হিসেবে চলতি বছরেই প্রতিষ্ঠানটির একজন শিক্ষার্থী আলেম হওয়ার পাশাপাশি সফলভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মরক্ষা শেখাতেও যুক্ত করা হয়েছে আধুনিক ফিচার। বাংলাদেশ কারাতে ফেডারেশনের অভিজ্ঞ কোচের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘ সময় পড়ার একঘেয়েমি কাটাতে চমৎকার ভূমিকা রাখছে।

দ্বীনি ও সাধারণ শিক্ষার এই অপূর্ব সমন্বয় প্রমাণ করছে—ঐতিহ্য ও ধার্মিকতা বজায় রেখেও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া সম্ভব। তুষারধারার এই প্রতিষ্ঠানের শিক্ষা মডেল কওমী শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রচলিত বহু পুরোনো ধারণা বদলে দিতে একটি গুরুত্বপূর্ণ দিগন্ত উন্মোচন করছে।

 

 

Ads