৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ প্রধানমন্ত্রীর
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিচালনা সহজ করা এবং সার্বজনীন শারদীয় দুর্গাপূজার উৎসব মুখর আয়োজন সুনিশ্চিত করতে আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে এই অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
সকল ধর্মের অনুসারীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ধর্মীয় উপাসনালয়গুলোর অবকাঠামোগত ও প্রশাসনিক কার্যক্রমে সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য।
গত শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ঢাকা-১৭ আসনের অন্তর্গত সংশ্লিষ্ট মসজিদ, মাদ্রাসা ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী নিজেই।
অনুদানের অংশ হিসেবে ঢাকা-১৭ এলাকাভুক্ত মোট ২৮টি মসজিদের প্রতিটিকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে। এই অর্থ মসজিদ ও সংলগ্ন মাদ্রাসাগুলোর উন্নয়ন ও নিত্যদিনের রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় করা হবে।
অন্যদিকে, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন সহজ ও নির্বিঘ্ন করতে ১০টি মন্দির কর্তৃপক্ষকে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়, যা পূজা মণ্ডপ তৈরি ও উৎসবের আয়োজনে সহায়তা করবে।
এই অর্থিক সহায়তা পেয়ে বিভিন্ন উপাসনালয় কমিটির প্রতিনিধিরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের এমন সময়োপযোগী ও বৈষম্যহীন উদ্যোগ দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সার্বজনীন উৎসবকে অর্থবহ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






























