পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ভিজিএফ চাল বিতরণ
০৩ জুন ২০২৫, ০৮:৪৪ পিএম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে সরকারি ভিজিএফ (ভ্যালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন খন্দকার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খাগড়াছড়ি পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ডে বসবাসরত অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সুশৃঙ্খলভাবে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা সরাসরি বিতরণ কার্যক্রমের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে সুবিধাভোগীদের হাতে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের এই উদ্যোগ। আমাদের লক্ষ্য—কেউ যেন অভুক্ত না থাকেন।” তিনি আরও বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করার মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠনের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারি।”
পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “খাগড়াছড়ি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিশ্চিত করা হচ্ছে যাতে প্রকৃত সুবিধাভোগীরাই এ সহায়তা পান।”
উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ঈদকে সামনে রেখে সারা দেশের মতো খাগড়াছড়িতেও দরিদ্র ও দুস্থ জনগণের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের এই কার্যক্রম প্রশংসিত হয়েছে।

































