পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদন
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ানো ও দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২১তম বৈঠকে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ক্রয় কার্যক্রমে আরও বেশি প্রতিযোগিতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালি আধুনিকায়ন করা হবে।
টেকসই ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর করতে পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়নের বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘রেটেড ক্রাইটেরিয়া’ ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ পদ্ধতিতে বিভিন্ন নির্ণায়কের ভিত্তিতে ক্রয় প্রস্তাব মূল্যায়ন করা হবে।
এর ফলে শুধু মূল্য নয়, নির্ধারিত অন্যান্য মানদণ্ড বিবেচনায় নিয়েও ক্রয় প্রস্তাব মূল্যায়নের সুযোগ তৈরি হবে।
সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ-সংক্রান্ত বিধান রাখা হয়েছে। পাশাপাশি পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান আরও স্পষ্ট করা হয়েছে।
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সুযোগ রাখার বিধানও প্রস্তাবিত সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব যুগোপযোগী পরিবর্তনের উদ্দেশ্যেই ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।





















