খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
০৩ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাছবান অমৃত পাড়ার এক যুবক চেঙ্গী নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের মাইশিং ত্রিপুরা (২১) তিনি গাছবান অমৃত পাড়ার বাসিন্দা তপন জ্যোতি ত্রিপুরার সন্তান।
আজ মঙ্গলবার (৩ জুন) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইশিং ত্রিপুরা গাছবান অমৃত পাড়ার চেঙ্গী নদীর পাদদেশে একটি ঝিরি থেকে মাছ ধরে ফেরার সময় নদীর প্রবল স্রোতে পড়ে যান। এসময় পারাপারের জন্য নৌকা না থাকায় তিনি সাঁতারে নদী পার হতে গেলে পানির তোড়ে তলিয়ে যান।
নিখোঁজের সময় তার সঙ্গে আরও চারজন যুবক ছিলেন। তারা হলেন—বিটু ত্রিপুরা (২২), রাজিংঙ্কু ত্রিপুরা (২২), শম্ভুনাথ ত্রিপুরা (৩৫) ও প্রবীন ত্রিপুরা (২১)। বাকিরা সাঁতরে নদী পার হতে পারলেও মাইশিং ত্রিপুরা তাতে ব্যর্থ হন এবং ডুবে যান।
জানা গেছে, বিটু ত্রিপুরা বর্তমানে পানছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং প্রবীন ত্রিপুরাও একই কলেজে অধ্যয়নরত।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, “চেঙ্গী নদীতে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। পরে রাঙামাটি থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয় এবং তাদের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

































