ট্রেনে কাটা ব্যক্তির মিলল পরিচয়
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম আলমগীর হোসেন (২৭)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেসের মোড়ের বেলার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁর পরনে জিন্সের প্যান্ট ছিল। ঘটনাস্থলের পাশে একজোড়া স্যান্ডেল পড়ে ছিল।
স্থানীয় সূত্রে স্থাজানা গেছে, সকাল থেকে আলমগীরকে রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তিনি কেসের মোড়ের একটি চায়ের দোকানে গিয়ে পানি পান করেন। এরপর রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন অতিক্রম করে বেলার গেট এলাকায় পৌঁছালে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হাসিবুল হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির দ্বিখণ্ডিত হওয়ার খবর পাওয়া গেছে। আক্কেলপুর স্টেশন থেকে সকাল ১০টা ২০ মিনিটে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই ট্রেনেই তিনি কাটা পড়েছেন।
নিহতের স্ত্রী জাকিয়া জানান, আলমগীর ঢাকায় ছিলেন। মানসিক সমস্যার কারণে চিকিৎসার জন্য তাঁকে আক্কেলপুরের আমুট্র গ্রামে তাঁর বাবার বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে রেললাইনে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজ রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় মামলা হয়েছে।































