আগামী জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
রোববার নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, আগামী ১২ নভেম্বর প্রাথমিকভাবে নির্বাচন আয়োজনের বিষয়ে পরিকল্পনা করা হয়েছিল। তবে সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।
ইসি মাছউদ জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।






























