রামগড়ে রবীন্দ্র-নজরুল স্মরণে রংতুলি একাডেমির পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
১৭ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম
খাগড়াছড়ির রামগড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রংতুলি একাডেমির আয়োজনে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংতুলি একাডেমির পরিচালক রতন বৈষ্ণব ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, রামগড় উপজেলার এনসিপির সমন্বয়ক হারুনুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন এবং রামগড় প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু।

অনুষ্ঠানে রংতুলি একাডেমির শিশু শিল্পী মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরার সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা একাডেমির শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী ও পুরস্কার তুলে দেন।
এ সময় রংতুলি একাডেমির শিক্ষার্থী, অভিভাবক, নৃত্যশিক্ষিকা মাধবী ত্রিপুরা ও বর্ষা ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার প্রেরণামূলক দিক তুলে ধরার পাশাপাশি শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।



















