খাগড়াছড়িতে সরকারি-বেসরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত
০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম
খাগড়াছড়িতে সরকারি ও বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগানকে সামনে রেখে ২০২৬ু২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার মৎস্যবীজ উৎপাদন খামারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। পরিকল্পিতভাবে সরকারি ও বেসরকারি জলাশয়ে মাছ চাষের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। খাগড়াছড়ির বিভিন্ন জলাশয় ও প্রাকৃতিক জলসম্পদ কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এতে স্থানীয় মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।
বক্তারা জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, পোনা সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবসার, নারায়ণ ত্রিপুরা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সীমা ও মংসাপ্রু মারমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি মৎস্যবীজ উৎপাদন খামারের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন। কর্মসূচিটি বাস্তবায়ন করে খাগড়াছড়ি সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।



































