খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পিএম


খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সেবাগুলো সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

Ads