ডেঙ্গুতে একদিনে ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৩০০
০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। এ ছাড়া অক্টোবরের প্রথম ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে।
বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩০০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭২ জন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৯ হাজার ৩৮০ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৪৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১৮ জন, খুলনায় ২৭২ জন, বরিশালে ১৪১ জন, রংপুরে ৮০ জন, ময়মনসিংহে ৬৮ জন এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।



































