স্টুডিওতে হামলা-ভাঙচুর: জামিন পেলেন গোলাম মহিউদ্দিনের জামিন
০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। গ্রেপ্তারের পাঁচ দিন পর সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, ২ হাজার টাকার মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত গোলাম মহিউদ্দিনকে জামিন দেওয়া হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলায় তিনি ৪ নম্বর আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।



























