এনসিটি চুক্তিতে বন্দরের কেউ চাকরি হারাবেন না: বাণিজ্যমন্ত্রী
০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে করা চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না; বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সক্ষমতা বাড়াতেই এ চুক্তি করা হয়েছে। এ নিয়ে দেশবিক্রির যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি অমূলক। চুক্তির ফলে বন্দরের কোনো কর্মী চাকরিচ্যুত হবেন না। বরং এর মাধ্যমে বন্দরের কার্যক্ষমতা বাড়ার পাশাপাশি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধিরও সুযোগ তৈরি হবে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির অবস্থান প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্য সুবিধা থাকায় দেশটি কখনো কখনো পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। তবে পরে বাংলাদেশ আবারও নিজের অবস্থান ফিরে পেয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ আবারও দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার করতে পারবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি বিশ্বে অদ্বিতীয়। এটি দেশের মানুষের জন্য গর্বের বিষয়।


































