খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস
০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম
খাগড়াছড়িতে সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত গুইমারা বিজিবি সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করেন। জব্দ করা মাদকের মধ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন ধরনের তামাকজাত পণ্য রয়েছে।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



































