শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম


শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়: ববি হাজ্জাজ

শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন নয়, কর্মজীবনে সফল হতে ইংরেজি ভাষায় যোগাযোগ, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর মতে, তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) টেসলবিডি ও ইউল্যাবের যৌথ আয়োজনে ‘দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার লক্ষ্য শুধু সনদ অর্জন নয়; বরং জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করা। অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে এবং কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে হবে।

দেশে ইংরেজি শিক্ষা ও শেখার ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে শিক্ষকদেরও নিজেদের দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়াশোনা করেও অনেক শিক্ষার্থীর সাবলীলভাবে কথা বলা, লিখিতভাবে নিজের ভাব প্রকাশ এবং পেশাগত যোগাযোগের ক্ষেত্রে দুর্বলতা থেকে যায়। এ সমস্যা কাটিয়ে উঠতে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ইংরেজির ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে।

প্রতিমন্ত্রীর মতে, ইংরেজিতে দক্ষতা অর্জন কেবল যোগাযোগের জন্যই গুরুত্বপূর্ণ নয়; বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞান অর্জনের জন্যও তা প্রয়োজন। আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তিগত নির্দেশনা ও পেশাগত তথ্যের বড় একটি অংশ ইংরেজিতে প্রকাশিত হয়। তাই ভাষাগত সীমাবদ্ধতা অনেক শিক্ষার্থীর জ্ঞান অর্জন ও কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে নিজস্ব ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা দিতে পারলে তারা অর্থনীতির বড় সম্পদে পরিণত হবে। তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয়ের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার পরিবেশ তৈরি করা জরুরি।

তিনি আরও বলেন, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের সামনে বাস্তবসম্মত কর্মসংস্থানের বিকল্প তৈরি করা সম্ভব। এতে তারা উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সমস্যা সমাধানের সক্ষমতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। অনুষ্ঠানে টেসল সোসাইটি অব বাংলাদেশের সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Ads