রামগড়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ

রতন বৈষ্ণব ত্রিপুরা

১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম


রামগড়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রামগড় পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে পরে রামগড় লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম।

বক্তারা জানান, ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হবে। এ সময় দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে মা মাছ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। নদী, খাল, বিল, পুকুর ও অন্যান্য জলাশয়ে মাছের প্রজনন রক্ষায় সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার সিআইজি ও নন-সিআইজি সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

Ads