পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম


পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত ছোট তারাবন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ১৭০ জন চিকিৎসা সেবা নেন। দায়িত্বপ্রাপ্ত তিনজন চিকিৎসক রোগীদের শারীরিক সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেন। রোগের ধরন ও প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকায় বসবাসের কারণে চিকিৎসাসেবা নিতে অনেক সময় দূরের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয় হয়। স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করায় তারা সহজেই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের জন্য নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হয়ে থাকে। এর অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Ads