দীঘিনালায় ২,৩০৫ কৃষক পেলেন কৃষক কার্ড


দীঘিনালায় ২,৩০৫ কৃষক পেলেন কৃষক কার্ড

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ছোট মেরুং উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন চৌধুরী, জেলা পরিষদের সদস্য এম এ আবসার, অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল আমিন, পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সুমন।

সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি কৃষিসেবা ও সহায়তা কৃষকের কাছে সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা পর্যায়ক্রমে যুক্ত হওয়ার কথা রয়েছে। কৃষির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সেবাও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ১৪ এপ্রিল ২০২৬ কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন এলাকায় কার্ড বিতরণের পর ১ অক্টোবর দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে।

মেরুং ইউনিয়নের ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের অন্তর্ভুক্তির ফলে স্থানীয় কৃষকদের সরকারি কৃষিসেবা ও সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Ads