দেশকে অস্থির করার ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী

মোঃ আশরাফুল আলম

০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম


দেশকে অস্থির করার ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী

ছবি: সংগৃহীত

একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে, নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে। এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।’

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে থেকেই সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি না হয়। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য অর্থ নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।

Ads