আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে দেশটি যেন বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ওষুধ আমদানি বাড়ায়, সেই আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্যও আলজেরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়।
বৈঠকে দুই দেশের শান্তি ও নিরাপত্তা, নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা এবং অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় পক্ষের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হবে।
সাক্ষাতে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে আলজেরিয়ার আগ্রহের কথাও জানান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি চিকিৎসক, নার্সসহ দক্ষ জনশক্তি নিতে পারে আলজেরিয়া।
বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করা হয়। আলজেরিয়ার রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ সন্তুষ্ট বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকের শেষ পর্যায়ে দুই দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আব্দুর রউফ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























