জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন চম্পানন চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ এএম


জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন চম্পানন চাকমা

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ির একটি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা। মাধ্যমিক পর্যায়ে দেশের নির্বাচিত গুণী শিক্ষকদের তালিকায় তিনি স্থান পেয়েছেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গত ৫ অক্টোবর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত ১০২ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা পদক, সনদ ও প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়।

মাধ্যমিক পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত চম্পানন চাকমা দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় চম্পানন চাকমা বলেন, এ অর্জন শুধু তাঁর একার নয়। পরিবার, বাবা-মা, আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষাগুরু, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং শিক্ষক সমাজ ও খাগড়াছড়িবাসীর ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননাকে দেখছেন।

তিনি বলেন, “এটি আমার শিক্ষকতা জীবনের একটি আনন্দঘন, গৌরবময় ও স্মরণীয় মুহূর্ত।”

এদিকে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে চম্পানন চাকমা নির্বাচিত হওয়ায় তাঁর বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

Ads