স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের প্রায় সব প্রতিষ্ঠানই সংকটে: জামায়াত আমির
০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের ব্যাংক, বিমা, করপোরেশন, শেয়ারবাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ আমাদের সবার। আমরা বিরোধী দলে থাকলেও আমরা দায়িত্বহীন নই। আমাদেরও দায়িত্ব আছে।’
তিনি বলেন, শুধু স্বাস্থ্যব্যবস্থা নয়, দেশের প্রায় সব প্রতিষ্ঠানই এখন সংকটের মধ্যে রয়েছে। ব্যাংক, বিমা, করপোরেশন ও শেয়ারবাজারের পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বক্তব্যে সম্প্রতি ঢাকার বিমানবন্দরে এক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির।
তিনি অভিযোগ করেন, ওমরাহ থেকে ফেরার সময় ওই ব্যক্তি ও তার সঙ্গীদের জমজমের পানি নিয়ে জটিলতায় পড়তে হয় এবং লাগেজ পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
শফিকুর রহমান বলেন, ওই ব্যক্তি এ ঘটনার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় শারীরিকভাবে নাজেহালের যে অভিযোগ আনা হয়েছে, সেটিকে তিনি ‘মিথ্যা’ বলে দাবি করেন।
এ সময় তিনি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ প্রকাশেরও দাবি জানান।
জামায়াত আমির আরও অভিযোগ করেন, ওই বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরানো ও হেলমেট পরিয়ে অপমান করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, ডেঙ্গুর পাশাপাশি অতীতেও বিভিন্ন রোগে বহু মানুষ মারা গেছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে ডেঙ্গুর টিকা রয়েছে। সরকারিভাবে টিকা আনার সক্ষমতা না থাকলে বেসরকারি খাতের মাধ্যমে টিকা আমদানির সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘নিজেও আনবে না, বাজারও খুলে দেবে না’—এভাবে বসে থাকার সুযোগ নেই।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ডেঙ্গুকে মহামারির মতো পরিস্থিতি হিসেবে দেখছে। এ কারণে ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, শুধু লিফলেট বিতরণ নয়, জনগণকে সচেতন করা এবং ডেঙ্গু প্রতিরোধে বাস্তব ভূমিকা রাখাই এ কর্মসূচির লক্ষ্য।
এ সময় তিনি মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
রাজধানীর একটি মেডিকেল সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগের প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, জনগণকে বোকা বা অন্ধ ভাবার সুযোগ নেই। এখন তথ্য গোপন করার সময় নয় এবং কোনো ঘটনা আড়াল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দায়িত্ব যথাযথভাবে পালন করা হলে তারা সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাবেন; অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বিষয়টি মোকাবিলা করা হবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


































