ইনুর ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম


ইনুর ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন

জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম রোববার বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি সপ্তাহেই আপিল করা হবে।

গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটিতে তাকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

তিনটি অপরাধের প্রতিটির জন্য ট্রাইব্যুনাল ১০ বছর করে কারাদণ্ড দিলেও সাজাগুলো একসঙ্গে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ফলে ইনুকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে।

অপর পাঁচটি অভিযোগে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে খালাস দেন ট্রাইব্যুনাল।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এই মামলায় ইনুই ছিলেন একমাত্র আসামি।

দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যৌথভাবে বিচারকাজ পরিচালনা শুরুর পর এটি ছিল ষষ্ঠ রায় এবং ট্রাইব্যুনাল-২-এর দেওয়া তৃতীয় রায়।

এর আগে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

Ads