জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম


জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণকে সার্থক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর মতে, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে মূল্যায়ন করতে গিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, সার্বিক দিক বিবেচনায় জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সফল হয়েছে। বিভিন্ন সভা ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া দেশের প্রতিনিধিরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার প্রতি সমর্থন জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ সময় পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর বিশ্বপরিসরে বাংলাদেশের আত্মবিশ্বাস, মর্যাদা ও আত্মমর্যাদার বিষয়টি তুলে ধরেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছিল।

তিনি বলেন, অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী তুরস্ক ও ইরানের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এবং ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও বৈঠক হয়।

হুমায়ুন কবির আরও জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, বোয়িং গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ শেষে রোববার তিনি দেশে ফেরেন। তাঁর নেতৃত্বাধীন ৩৫ সদস্যের প্রতিনিধি দল ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেছিল।

Ads