খাগড়াছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

০২ অক্টোবর ২০২৬, ০১:২৮ পিএম


খাগড়াছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষ্যে  আয়োজিত আলোচনা সভার বক্তারা উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন । তাঁরা বলেন, জেলার বিদ্যমান প্রাকৃতিক ও মানবসম্পদকে কাজে লাগাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি সংক্ষিপ্ত র‍্যালি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।

সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে বিভিন্ন ধরনের সম্পদ ও সম্ভাবনা রয়েছে। এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উৎপাদনশীল কর্মকাণ্ডে রূপান্তরের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং দক্ষ জনশক্তি তৈরি করা গেলে স্থানীয় পর্যায়ে উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।

বক্তারা আরও বলেন, ব্যবসা ও শিল্প খাতকে টেকসই রাখতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগ বাড়াতে হবে। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ, খাগড়াছড়ি বিসিকের উপব্যবস্থাপক (অ. দা.) ও শিল্পনগরী কর্মকর্তা মো. আলী আল রাজী, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, ব্র‍্যাকের জেলা ব্যবস্থাপক আবদুল সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ads