হল খোলার আটদিন পেরিয়ে গেলেও খুলেনি হল ডাইনিং, বিপাকে শিক্ষার্থীরা


হল খোলার আটদিন পেরিয়ে গেলেও খুলেনি হল ডাইনিং, বিপাকে শিক্ষার্থীরা

ঈদের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খুলেছে গত ১৫ জুন। হল খোলার ৮ দিন অতিবাহিত হলেও এখনও চালু হয়নি শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং। ডাইনিং বন্ধ থাকায় বিপাকে পড়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ছয় মাস ধরে ভর্তুকি পাচ্ছেনা শহীদ জিয়াউর রহমান হল ডাইনিং ম্যানেজার। এমন পরিস্থিতিতে পর্যাপ্ত টাকা না থাকায় চালু হচ্ছে না ডাইনিং। 
এ বিষয়ে আবাসিক শিক্ষার্থী খন্দকার আবু সায়েম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ডাইনিং ঈদের ছুটির পর এখনো চালু না হওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি।ছুটির পর বিশ্ববিদ্যালয় খুলেছে, ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু ডাইনিং বন্ধ থাকায় হলের শিক্ষার্থীরা ঠিকমতো খাবার পাচ্ছে না। রুটিন মাফিক শিক্ষাজীবন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের খাবার সমস্যা সমাধানে হল প্রশাসনের দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরী বলে মনে করছি।

আরেক আবাসিক শিক্ষার্থী সাদমান সাদিব শিশির বলেন, দীর্ঘ দিন হল খোলার পরেও আমাদের হল ডাইনিং এখনো চালু হয়নি।এটা আমাদের জন্য ভোগান্তির বিষয়। ডাইনিং চালু না হওয়ার আমাদের অন্য হল ও হোটেলের ওপর নির্ভরশীল হতে হয়।এটা আমাদের জন্য কষ্টসাধ্য ও ব্যয়বহুল। হল প্রশাসন যেন অতি তাড়াতাড়ি ডাইনিং চালু করার ব্যবস্থা করে।

ডাইনিং চালু হয় নি কেন? জানতে চাইলে ডাইনিং ম্যানেজার বলেন বিগত ছয় মাস ধরে আমাকে খাবারের ভর্তুকি দেওয়া হয় নি। আমি দুই লক্ষাধিক টাকা পাব। এই মুহূর্তে আমার কাছে কোন টাকা নেই। হল প্রশাসন টাকা না দিলে আমি ডাইনিং চালু করতে পারবো না।

হল প্রোভোস্ট  ড. আব্দুল গফুর গাজী বলেন,  আমি নতুন হল প্রোভোস্টের দায়িত্ব গ্রহণ করেছি। এখন প্রভোস্ট একাউন্টে কোন টাকা নেই।  এ বিষয় নিয়ে আমি ভিসি স্যারের সাথে কথা বলেছি।আর ডাইনিং ম্যানেজারকেও বলেছে যে তাদের কাছে যা টাকা আছে তাই নিয়ে  ডাইনিং চালু করতে।আমি অফিসে এসে এ বিষয়ে কথা বলবো। আমার ছাত্ররা যদি না খেয়ে থাকে সেটা তাদের জন্য  ভালো হবে না। 

Ads