লটারিতে ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম


লটারিতে ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার নির্বাচন

ছবি: সংগৃহীত

ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রার নির্বাচন করেছে সরকার। পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং দীর্ঘদিনের প্রভাব ও দুর্নীতির অভিযোগ দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দেশজুড়ে সাব-রেজিস্ট্রারদের পদায়ন প্রক্রিয়ায় ধীরে ধীরে আরও স্বচ্ছতা আনা হবে। বিশেষ করে যেসব পদকে বেশি আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, সেসব পদায়নে এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। এসব ধারণা থেকে বেরিয়ে আসতে হলে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে।

তিনি বলেন, ঢাকার পদগুলো সাব-রেজিস্ট্রারদের কাছে দীর্ঘদিন ধরে ‘কাঙ্ক্ষিত পদায়ন’ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই নতুন পদ্ধতি চালুর জন্য রাজধানীকেই শুরু হিসেবে বেছে নেওয়া হয়েছে।

দেশের এ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে পদায়নের জন্য নির্বাচিত করা হয়।

নির্বাচিত কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে। তবে কোন কর্মকর্তা কোন অফিসে দায়িত্ব পাবেন, তা নির্ধারণের ক্ষেত্রে তাদের পেশাগত দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা এবং সংশ্লিষ্ট অফিসের প্রয়োজন বিবেচনা করা হবে।

মন্ত্রী আরও বলেন, লটারির মাধ্যমে নির্বাচিত কর্মকর্তাদের কার্যক্রম মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কেউ দুর্নীতিতে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী যতদিন দায়িত্ব পালনের সুযোগ থাকবে, কর্মকর্তারা ততদিন পদে থাকতে পারবেন—তবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

লটারির উদ্দেশ্য কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে বিশেষ সুবিধা দেওয়া নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এর লক্ষ্য হলো পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বৈষম্যহীনতা নিশ্চিত করা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। দেশজুড়ে এ ক্যাটাগরির সাব-রেজিস্ট্রার রয়েছেন ১৩১ জন। তাদের মধ্য থেকেই ঢাকার জন্য ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

লটারিতে নির্বাচিত কর্মকর্তারা হলেন—মো. গোলাম মোর্তজা, আমাইক বাবু, ফরিদা আক্তার, অজয় কুমার সাহা, অমিত মঙ্গল চাকমা, মো. রাসেল মাল্লিক, গোবিন্দ সাহা, মো. মাসুম, এস এম আবু মুসা, নাজনীন জাহান, মোহাম্মদ হানিফ, মনীষা রায়, সিং মং থোয়াই, রাজীব মজুমদার, আলী আজগর, শারমিলা আহমেদ শম্পা, আমিনা বেগম ও টিনু চাকমা।

মন্ত্রী জানান, লটারিভিত্তিক পদায়ন পদ্ধতিটি কতটা কার্যকর হচ্ছে, তা মূল্যায়ন করা হবে। পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদায়নের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ads