পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী

মোঃ আশরাফুল আলম

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম


পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি প্রেস পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর তিনি এসব প্রেসে আকস্মিক পরিদর্শন শুরু করেন।

পরিদর্শন করা প্রেসগুলো হলো—মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

পূর্বঘোষণা ছাড়াই এসব প্রেস পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বইয়ের কাগজের মান, ছাপার গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া পাঠ্যবই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

Ads