শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি' ক্রুজ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভ্যাটিকানের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল মিশনারি পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। তারা শিক্ষা বিস্তারে নিজেদের অঙ্গীকার, নারী শিক্ষার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে অত্যন্ত দৃঢ় ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।



































