নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, গ্রিডে যুক্ত হতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সেনবাগে নতুন একটি গ্যাসকূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বর্তমানে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা চলছে।
সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে কূপটির খনন করা হয়েছে। বাপেক্সের প্রাথমিক হিসাবে, পরীক্ষা সফল হলে কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
বাপেক্স সূত্র জানায়, গত ২৮ জুলাই সুন্দলপুর-৪ কূপের খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি (মেজারিং হোয়াইল ড্রিলিং) প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে।
খননকাজে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার একটি স্তরে গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এরপর কূপটির সম্ভাব্য উৎপাদনক্ষমতা ও মজুত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ডিএসটি পরীক্ষা শুরু করা হয়।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএসটি পরীক্ষা শেষ হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং এর উৎপাদনক্ষমতা কত—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বাপেক্সের কর্মকর্তারা বলছেন, ডিএসটি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেই কূপটির বাণিজ্যিক উৎপাদন ও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


































