এসএসসি খাতা পুনঃমূল্যায়নে বদলেছে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম
ছবি: সংগৃহীত
এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে ২৭ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এ সময় ৫৬ হাজার ২৫৯টি বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে। পুনঃমূল্যায়নের পর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন এবং নতুন করে এ প্লাস পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার আইন করে এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের সুযোগ রাখা হয়েছিল। পাস করা শিক্ষার্থীর সংখ্যার চেয়েও বেশি পুনঃমূল্যায়নের আবেদন জমা পড়েছিল। আগের বছরগুলোতে এ ধরনের সুযোগ না থাকায় অনেক পরীক্ষার্থী সঠিক ফলাফল থেকে বঞ্চিত হয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ নিয়োগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ হওয়ায় অস্থিরতা তৈরি হয়েছে।
তিনি জানান, এ পর্যন্ত ১৩ হাজার ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন পাওয়া গেছে। ডিপিও লেটার ইস্যুর সময় দেখা গেছে, অনেকের ঠিকানা পরিবর্তন হয়েছে এবং অনেকে যথাযথভাবে যোগাযোগ করেননি। এসব তথ্য পর্যায়ক্রমে ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৮১৭ জনের নিয়োগপত্র পাওয়া বাকি রয়েছে। পর্যায়ক্রমে ভেরিফিকেশন চলছে এবং প্রার্থীদের ঠিকানা শনাক্ত করা হচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এরপর চূড়ান্ত যে সংখ্যা থাকবে, তা নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া ভবিষ্যতে অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষকদের বদলি করা হবে বলেও জানান তিনি।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৫ অক্টোবর ১০০ জন গুণী শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হবে। শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগে ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষকরা দেশ ও জাতি গঠনের কাণ্ডারি। শিক্ষকদের সুযোগ-সুবিধা কীভাবে আরও বাড়ানো যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।



































