জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদে নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্টের বিষয়টি কীভাবে বিবেচনা করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সনদ বাস্তবায়নের উদ্দেশ্যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে বিভিন্ন পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে, সেটি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে সরকারের অবস্থান আগেও একাধিকবার জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোট অব ডিসেন্টকে আলাদা করে বাস্তবায়নের শর্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। সেখানে ঐকমত্য হয়নি। তবে ঐকমত্যের ভিত্তিতে সনদে সবাই স্বাক্ষর করেছেন এবং জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে এটি স্বাক্ষরিত হয়েছে। তাই সনদটি যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্যেই সংবিধান সংশোধনের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। সংবিধানের আরও বিভিন্ন বিষয়ে সংশোধনের প্রয়োজন রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী ইশতেহারে থাকা বিষয়গুলোর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকেও সংবিধান সংশোধন নিয়ে প্রস্তাব আসতে পারে। এসব মতামত বিবেচনায় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হবে এবং পরে বিল আকারে তা সংসদে উপস্থাপনের জন্য দেওয়া হবে।
এদিকে বিশেষ কমিটির বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয়। শহীদদের মা-বাবা ও ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোট ৬৩ জন এতে অংশ নেন।
মতবিনিময়ে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়েছেন বলে জানান কমিটির সভাপতি।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষায় ইতোমধ্যে আইন করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় অন্তর্ভুক্ত করা হবে।
মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও এসেছে বলে জানান তিনি। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে সরকার আন্তরিক বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।





























