যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) যশোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন যশোর ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনদের ক্রেস্ট এবং বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ সরোবরে দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্যদিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্য সচিব শাহরিয়ার কবির রিমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য গনিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান, রিফাত মাশরাফি প্রত্যয়, জহুরুল ইসলাম, সাদীয়া মাহমুদ মীম এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্য সচিব শাহরিয়ার কবির রিমন বলেন, "আজকের এই আয়োজন শুধুমাত্র নবীনদের বরণ এবং প্রবীণদের বিদায়ের আনুষ্ঠানিকতা নয় বরং এটি আমাদের এক অনন্য মিলনমেলা, যেখানে নতুনদের স্বাগত জানানোর পাশাপাশি প্রবীণদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা হয়। এই মিলনমেলার মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও গভীর ও দৃঢ় হবে। আমরা বিশ্বাস করি, এই সম্পর্ক শুধু আজকের আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না বরং আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে। আমাদের এই বন্ধন সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে, যা আমাদের একতা, সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিকে সুদৃঢ় করবে। নবীনরা তাদের স্বপ্ন ও লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে, প্রবীণরা নতুনদের অনুপ্রেরণা হয়ে থাকবেন—এই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।"
এসময় উপদেষ্টা মণ্ডলীর সদস্য গনিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, "আজ যারা বিদায় নিচ্ছো, মনে রেখো—তোমরা কখনো একা নও। তোমাদের পাশে সবসময় একদল ভাই-বোন আছে, যারা প্রয়োজনের মুহূর্তে সহায়তা করবে। তাই সাময়িক কষ্টকে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যাও। জীবনের পথে চ্যালেঞ্জ আসবেই, তবে সেগুলোকে বাধা নয়, বরং শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। নবীনদের উদ্দেশ্যে বলছি—এই সময়টাই নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সুযোগ। কীভাবে দক্ষ ও যোগ্য হয়ে উঠবে, তা তোমাকেই ভাবতে হবে। সবসময় উন্নতির পথে থাকার চেষ্টা করো। আমি সবসময় তোমাদের পাশে আছি। এ ধরনের প্রোগ্রাম আরও বেশি আয়োজন করা হোক, যাতে আমাদের বন্ধন আরও দৃঢ় হয়।"
উল্লেখ্য, যশোর জেলা থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দিনব্যাপী এই আয়োজনে সকাল ১১টা থেকে শুরু হয় আলোচনা সভা, যেখানে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।



































