এলপিজির নতুন দাম কার্যকর, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা
০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম
দেশের বাজারে এলপিজি বাড়তি দামে বিক্রির অভিযোগের মধ্যেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এলপিজির দাম প্রতি কেজিতে ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগের দর ছিল ১৩২ টাকা ১২ পয়সা। ফলে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও নতুন নির্ধারিত কেজিপ্রতি দরের ভিত্তিতে সমন্বয় হবে।
একই সঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করেছে কমিশন।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে নতুন দর সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দাম পুনর্নির্ধারণ করে কমিশন।
তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
২০২১ সালের এপ্রিল থেকে দেশে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এসব উপাদানের আন্তর্জাতিক মূল্য প্রকাশ করে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো, যা সৌদি কার্গো প্রাইস বা ‘সিপি’ নামে পরিচিত।
এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করা হয়। পাশাপাশি আমদানিকারক কোম্পানিগুলোর চালানের (ইনভয়েস) মূল্য বিবেচনায় নিয়ে পুরো মাসের জন্য ডলারের গড় বিনিময় হার হিসাব করে বিইআরসি।
নতুন দর কার্যকর হওয়ার ফলে বেসরকারি খাতের এলপিজি ব্যবহারকারীদের মাসিক জ্বালানি ব্যয় আরও বাড়বে। সম্প্রতি বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রির অভিযোগও উঠেছিল।

































