শিশু সুরক্ষায় প্রয়োজন হলে নতুন আইন করবে সংসদ: ডেপুটি স্পিকার
০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
শিশুশ্রম নির্মূলে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে শিশুদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় বিদ্যমান আইন সংশোধন কিংবা প্রয়োজন হলে নতুন আইন প্রণয়নের কথা জানিয়েছেন তিনি।
রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘শিশুশ্রম নির্মূলে আমাদের করণীয়’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) ও চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম (সিএলইপি) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
কায়সার কামাল বলেন, দেশে শিশুদের সুরক্ষায় অনেক ভালো আইন রয়েছে। তবে এসব আইনের যথাযথ বাস্তবায়ন এখনও পর্যাপ্ত নয়। শিশুশ্রম বন্ধ করতে বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, রাজনৈতিক নেতা, মন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় থাকতে হবে। জনগণের করের অর্থে যেসব সরকারি কর্মকর্তা বেতন পান, তাদের যথাযথ তদারকির আওতায় থাকা প্রয়োজন।
সুশাসন নিশ্চিত করতে সরকারের নির্বাহী বিভাগের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা ও কার্যকর নজরদারি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
পথশিশুদের পরিস্থিতি তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি রাস্তায় বসবাসকারী শিশুদের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এ উদ্যোগ শিশুদের মর্যাদা ও উন্নত জীবন পাওয়ার অধিকারের বিষয়টি তুলে ধরে।
তিনি বলেন, পথশিশুদের ধীরে ধীরে রাস্তা থেকে সরিয়ে নিরাপদ বাসস্থানে নেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
মানবিক উদ্যোগকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, শিশুদের জন্য আরও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ ছাড়া ১৪ বছরের কম বয়সী শিশুদের গৃহস্থালির কাজে নিয়োগ না দেওয়ার জন্য নাগরিকদের অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।
শিশুদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রয়োজন হলে বিদ্যমান আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের বিষয়টি সংসদ বিবেচনা করবে বলেও জানান ডেপুটি স্পিকার।
সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল এবং সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, আনা মিনজ ও শওকত আরা আক্তার।
এএসডির অ্যাডভোকেসি ও গবেষণা সমন্বয়ক সৈয়দ শাহিনুর রহমান সংলাপটি সঞ্চালনা করেন। এতে জাতীয় মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), মানুষের জন্য ফাউন্ডেশন, শাপলা নীড় বাংলাদেশসহ বিভিন্ন মানবাধিকার ও নাগরিক সমাজের সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।





























