বঙ্গবন্ধু নিজ নিজ ধর্ম পালনে নিশ্চয়তা দিয়ে গেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
১০ মার্চ ২০২৪, ০৩:৩৬ এএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বিনির্মাণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করার নিশ্চয়তা দিয়ে গেছেন বললেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ‘ধর্ম যার যার উৎসব সবার’এই নীতিবাক্যকে সমস্বরে ঘোষণা দিয়ে দেশের সব ধর্মের মানুষকে এক করেছেন এবং এ সরকারের আমলে সব ধর্মের মানুষ সুখে, শান্তিতে ও নিরাপদে যার যার ধর্ম পালন করছেন।
শনিবার (৯মার্চ) বিকালে খাগড়াছড়ির দীঘিনালা বুদ্ধপাড়ায় সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণে শিব চতুর্দশীব্রত উদযাপন উপলক্ষ্যে অষ্ট্রপ্রহরব্যাপী মহানামযজ্ঞ পুজো শেষে সেখানে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় ঘোষণা দিয়ে সকল ধর্মপ্রাণ মানুষের কাছে আজীবন শ্রদ্ধার ব্যক্তিত্ব হয়ে থাকবেন। বঙ্গবন্ধু সকল ধর্মের মানুষকে নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করার অধিকার নিশ্চিত করে গিয়েছেন। একই পথে হাঁটছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে দেশের উন্নয়ন অক্যাহত রেখে ছোট আয়তনের এ দেশকে বিশ্বের শীর্ষে নিয়ে দাঁড় করাতে চান। মন্ত্রী সবাইকে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অংশ নেয়ার আহ্বান করেন।
শিব মন্দির পরিদর্শন ও পুজা শেষে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং পরে তিনি হরিসভায় অনুষ্ঠিত ভজন-কীর্তন সঙ্গীত উপস্থিত ভক্তবৃন্দের সাথে উপভোগ করেন।
















