সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এখন পর্যন্ত গ্রেফতার ৬
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি হামলা ও ভাঙচুরের ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার এক নম্বর আসামি।
গ্রেপ্তার অন্যরা হলেন শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। শাহ আলম অনিক ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতেই ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর শনিবার রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির জানান, স্টুডিওতে হামলা হয়েছে এবং সেটি ভাঙচুর করা হয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিক হয়ে থাকতে পারে এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।



































