রাড্ডায় ভাঙচুর-লুটপাট: জাতীয়তাবাদী সাইবার দলের নেতা গ্রেফতার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম


রাড্ডায় ভাঙচুর-লুটপাট: জাতীয়তাবাদী সাইবার দলের নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানিয়েছে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

৩৬ বছর বয়সী সাজ্জাদ হোসেন মিশু শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য। পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলার সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে বিভিন্ন মালামাল লুট করে এবং একাধিক স্থাপনা ভাঙচুর করে। ঘটনায় প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে এ ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় শাহ আলী থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। 

Ads