শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম


শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব মদ আটক করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা জানায়, দুবাই থেকে আসা দুই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদের সন্ধান পাওয়া যায়।

এর মধ্যে এমিরেটসের একটি ফ্লাইটে আসা রোমান নামের এক যাত্রীর ব্যাগেজে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়। তিনি বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনার সুযোগ ছিল। ফলে অতিরিক্ত ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।

অন্যদিকে, একই রাতে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা শিমুল ইসলাম নামের আরেক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। সেটিও আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Ads